দীর্ঘ ১৪ বছর পর চট্টগ্রামে জাতীয় অ্যাথলেটিকস শুরু কাল

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

দীর্ঘ ১৪ বছর পর চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে ৪৩তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা। সারা দুনিয়ায় এমনকি বাংলাদেশেও এতদিন কৃত্রিম টার্ফে অ্যাথলেটিকস প্রতিযোগিতা হলেও এবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ঘাসের ওপর হবে জাতীয় এই প্রতিযোগিতা।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হবে আসরটি। দেশের বিভিন্ন জেলা, বিভাগ, বিশ্ববিদ্যালয়সমূহ শিক্ষা বোর্ড ও সার্ভিসেস দলের প্রায় ৫০০ ক্রীড়াবিদ তিন দিনের এই প্রতিযোগিতায় ৩৬টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পুরুষের জন্য রয়েছে ২২টি এবং মহিলাদের জন্য রয়েছে ১৪টি ইভেন্ট। ক্রীড়াবিদদের মধ্যে দেড়শ রয়েছেন মহিলা প্রতিযোগী।

ইতিমধ্যে প্রতিযোগীরা আসতে শুরু করেছেন। আজ সন্ধ্যার মধ্যে সব প্রতিযোগী চট্টগ্রামে এসে পৌঁছাবেন। তাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে নগরীর বিভিন্ন হোটেলে। জাতীয় অ্যাথলেটিকসের বাজেট ৩০ লাখ টাকা। এর মধ্যে স্পনসর চট্টগ্রাম সিটি করপোরেশন দিচ্ছে ২৫ লাখ টাকা। বাকি অর্থ দেবে অ্যাথলেটিকস ফেডারেশন।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মো. সামশুদ্দোহা, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, যুগ্ম-সম্পাদক মো. আমিনুল ইসলাম, অ্যাথলেটিকস কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক, সম্পাদক মো. কামাল উদ্দিন।