নয়াদিল্লিতে বাংলাদেশ বেতার ও আকাশবাণীর অনুষ্ঠান বিনিময় উদ্বোধন

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদকার গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে বাংলাদেশ বেতার ও ভারতের আকাশবাণীর মধ্যে অনুষ্ঠান বিনিময় কার্যক্রম উদ্বোধন করেছেন। এখন থেকে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান আকাশবাণীতে কলকাতায় এফএম ১০০.১ মেগাহার্টজ, আগরতলায় এফএম ১০১.৬ মেগাহার্টজ এবং আকাশবাণী অ্যাপ ও ডিটিএইচের মাধ্যমে ভারতে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা এবং সন্ধ্যা সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত একযোগে সম্প্রচার হবে। একই সময়ে আকাশবাণীর অনুষ্ঠান বাংলাদেশ বেতারের এফএম ১০৪ মেগাহার্টজে সম্প্রচার শুরু হলো। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই দুই দেশের তথ্যমন্ত্রী বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণে দুই দেশের চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন।

গত বছরের ৯ এপ্রিল প্রসার ভারতী ও বাংলাদেশ বেতারের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারকের ভিত্তিতে এ কার্যক্রমের সূত্রপাত। তথ্যমন্ত্রী হিসেবে হাছান মাহমুদ দায়িত্ব নেওয়ার পর গত বছরের ২ সেপ্টেম্বর সারা ভারতে বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার শুরুর সাড়ে তিন মাসের মাথায় এবার সারা ভারতে শোনা যাচ্ছে বাংলাদেশ বেতারও। হাছান মাহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ২০২০ সালে বেতার ও চলচ্চিত্র খাতে এই সহযোগিতা দুই দেশের জনগণ ও সরকারের বন্ধুত্বের এক অনন্য মাইলফলক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করেছেন, এই বিনিময় এবং চুক্তি তারই প্রতিফলন। মন্ত্রী এসময় ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদকারকে পুনরায় বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে ভারতের তথ্যমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক ভৌগোলিক নৈকট্য, ইতিহাস ও ঐতিহ্যগত। গণমাধ্যম ক্ষেত্রের এই সহযোগিতা দুই দেশের অন্যান্য খাতে সহযোগিতাকেও প্রসারিত করবে। তিনি হাছান মাহমুদের আমন্ত্রণ গ্রহণ করেন ও শিগগিরই বাংলাদেশ সফরের আগ্রহ ব্যক্ত করেন।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত নুজহাত ইয়াসমিন এবং ভারতের এনএফডিসির ব্যবস্থাপনা পরিচালক টি সি এ কল্যাণী বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণে দুই দেশের চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের মধ্যে যৌথ চলচ্চিত্র প্রযোজনা চুক্তিতে সই করেন। এ সময় ভারতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এ টি এম রকিবুল হক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহানারা পারভীন, হাইকমিশনের প্রেস মিনিস্টার ফরিদ হোসেন, উপসচিব মো. সাইফুল ইসলামসহ তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব রাভি মিত্তাল, প্রসার ভারতীর প্রধান নির্বাহী শশী শেখর ভেম্পতি প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায়, গতকাল বিকালে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ভারতের পররাষ্ট্রবিষয়ক গবেষণা কেন্দ্র হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাত স্বামী বিবেকানন্দ ফাউন্ডেশনে অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে মতবিনিময় করেন। আগামীকাল বৃহস্পতিবার হায়দ্রাবাদে রামুজী ফিল্ম সিটি পরিদর্শন শেষে ১৭ জানুয়ারি তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।