ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকায় একটি বাড়িতে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন দুই যুবক। তারা হলেন মো. জুলহাস ও মো. শাহীনুর। আহতদের দুই জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন, আহতদের মধ্যে শাহীনুরের অবস্থা গুরুতর। তাকে বার্ন ইউনিটের আইসিইউতে রাখা হয়েছে। তার শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। সারা শরীরের মাংস ক্ষতবিক্ষত হয়েছে। আর জুলহাসের শরীরের ১৪ শতাংশ পুড়ে গেছে। তারা সারা শরীরের চামড়া উঠে গেছে। তার মুখমণ্ডল ফুলে গেছে। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার জিরাবো বাজার সংলগ্ন মো. আলী মেম্বারের বাসার চতুর্থ তলায় এই ঘটনা ঘটে। বিস্ফোরণে চতুর্থ তলার সামনের দেওয়াল ধসে পড়ে।
এদিকে ঘটনার সময় আশুলিয়ার গোকুলনগর এলাকায় একটি বাড়িতে জঙ্গি অভিযান চলছিল। ঐ বাসা থেকে জেএমবির আইটি বিশেষজ্ঞ তানভীর হাসানের স্ত্রী শায়লা শারমিনকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানভীর হাসান ও তার সহযোগী জাকারিয়া জামিল পলাতক রয়েছেন। অভিযান চলাকালীন সময়ে জিরাবো এলাকার বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী রহস্যজনক মনে করছেন। ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ও র্যাবসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এ সময় ক্ষতিগ্রস্ত রুমের তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে মুচলেখা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, বিস্ফোরণের ঘটনাটি রহস্যজনক। বাড়িটির চতুর্থ নম্বর ফ্ল্যাটে কোনো ফার্নিচারও ছিল না। ঐ বাসাটি পোশাক কারখানার শ্রমিকরা থাকতেন। বাসাটি ভাড়া নেন শামীম, হাসিবুল ও সাইফুল নামে তিন যুবক। বাসাটির সামনেই সিলভার অ্যাপারেলস নামে একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত ছিলেন তারা। আহত দুই জন একই কারখানায় চাকরি করতেন।