সোনারগাঁও লোক ও কারুশিল্প কাউন্ডেশনকে আন্তর্জাতিক মানের করা হবে -------------সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, শিল্পাচার্যের ২০০টির বেশি শিল্পকর্ম বিভিন্ন স্থানে প্রদর্শিত হচ্ছে। বর্তমান সরকারের আমলেই শিল্পাচার্যের সৃষ্টি সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনকে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। যেখানে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির লোকজনের একটি মেলবন্ধন হবে। 

দেশের প্রত্যন্ত অঞ্চলের বিলুপ্তপ্রায় লোকজ ঐতিহ্যকে পুনরুদ্ধার, সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, প্রদর্শন এবং পুনরুজ্জীবিত করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকালে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে মাসব্যাপী লোকজ মোলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সোনারগাঁও ইতিমধ্যে জামদানিতে বিশ্ব স্বীকৃতি পেয়েছে। এটি সোনারগাঁওয়ের অর্জন। এক সময় এখানে মসলিন পল্লি গড়ে উঠেছিল। মন্ত্রী আরো বলেন, সরকার শিল্পাচার্যের জন্মস্থান ময়মনসিংহে সংগ্রহশালার জন্য ২৩৪ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ব্রহ্মপুত্রের সংযোগ হবে মেঘনা নদী দিয়ে। ফলে ময়মনসিংহের সঙ্গে সোনারগাঁওয়ের সংযোগ হবে।

ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন—আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসীমউদ্দিন, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মো. জাহেদুল হক প্রমুখ।