অস্ট্রেলিয়ায় পাঁচ দিনে ৫ হাজার উটকে গুলি করে মারা হয়েছে

প্রচণ্ড গরম ও খরার কারণে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে থাকা ১০ হাজার উট গুলি করে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলীয় সরকার। এর প্রেক্ষিতে গত পাঁচ দিনে দেশটির কর্তৃপক্ষ পাঁচ হাজারের বেশি উটকে গুলি করে মেরেছে। খবর বিবিসির।

দাবানলের সময় অস্ট্রেলিয়ার উটেরা প্রচুর পানি খাচ্ছে। এ ছাড়াও সেগুলো বছরে এক টন কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ মিথেন গ্যাস নির্গমন করে উষ্ণায়নে অংশ নিচ্ছে। সেই কারণে দশ হাজার উটকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল দেশটির প্রশাসন। সেই কাজটি শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার এক আদিবাসী নেতার নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের স্থানীয় সরকার কর্তৃপক্ষ আনানজু পিতজানত্জাতজারা ইয়ানকুনিত্জাতজারা ল্যান্ডস-এর (এওয়াইপি) কার্যনির্বাহী কমিটির সদস্য মেরিতা বাকের দ্য অস্ট্রেলিয়ানকে বলেছেন, প্রচ্ল গরমে স্থানীয়রা অসহনীয় অবস্থায় আছে। এর মধ্যে উটগুলো আরো বেশি অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে। পানির খোঁজে তারা বাড়ির এসির ভেতরে মুখ ঢুকিয়ে দিচ্ছে। এর প্রেক্ষিতে হেলিকপ্টার থেকে গুলি ছুড়ে উটগুলোকে হত্যা করার কাজে সহায়তা করছে অস্ট্রেলিয়ার পরিবেশ ও পানি বিভাগ।

২৩০০ আদিবাসীর বাস আনানজু পিতজানত্জাতজারা ইয়ানকুনিত্জাতজারা (এপিওয়াই) অঞ্চলে। ওই অঞ্চলটির মহাব্যবস্থাপক রিচার্ড কিং বলেন, আমরা প্রাণী অধিকার কর্মীদের উদ্বেগের প্রশংসা করলেও এখানে বাস্তবতা ভিন্ন। তাই নিরাপত্তার কথা ভেবে কঠোর অবস্থান নিতে হয়। শিশুসহ বাসিন্দাদের জীবনের কথা ভাবতে হয়। বর্তমানে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি বন্য উট রয়েছে বলে মনে করা হয়। দেশটির সরকারি হিসাবে বলা হয়, ১০ লাখেরও বেশি উট দেশটির মরুভূমিতে ঘুরে বেড়ায়।