লেখালিখির শহরে শানু ও শম্পা

বইমেলা এলে একাধিক তারকাদের বিভিন্ন সাহিত্যকর্মের বই বের হয়। তবে জনশ্রুতি রয়েছে, তারকাদের বই নাকি প্রকাশকরা অন্য কাউকে দিয়ে লিখিয়ে নামটা শুধু দেওয়ার জন্য তাদের অনুমতি নেন মাত্র। এই ধারার লেখকরা নিয়মিত আর বইমেলায় লেখেন না। তবে সবাই এই দলের নন। আমাদের দেশের তারকা শিল্পীদের বেশ ক’জন রয়েছেন, যারা নিজেদের ভেতরে এক সাহিত্যমন পোষেন। নিয়মিত বই পাঠের চর্চা করেন। সেই দলের অন্যতম দুইজন লাক্স তারকা শানারেই দেবী শানু ও শম্পা হাসনাইন।

শানু দীর্ঘদিন ধরেই কাব্যচর্চা করছেন। সেই ধারাবাহিকতায় বই প্রকাশের ব্যাপারেও নিয়মিত। এবারের বইমেলায় আসছে তার ‘লিপস্টিক’ নামের উপন্যাসসহ একাধিক বই। পাশাপাশি অভিনয়েও তিনি নিয়মিত ও স্বচ্ছন্দ। অন্যদিকে শম্পা হাসনাইনের গল্পটা ভিন্ন। ছোট পর্দার ব্যস্ত মডেল-অভিনেত্রী শম্পা পুরোদস্তুর লেখক হবেন বলে অভিনয়কে ‘টাটা বাই বাই’ বলেছেন। তবে আদৌ এই অভিনয়কে বিদায় দেওয়ার বিষয়টি কত দিন রাখতে পারেন, সেটিই প্রশ্ন। শম্পা বলেন, ‘এখন লেখালেখি ছাড়া সত্যিকার অর্থেই কোনোকিছু নিয়ে ভাবতে চাই না। তাই নিয়মিত লিখছি। আমি অন্যদের মতো মৌসুমি লেখক হতে আসিনি। লেখালেখিটা নিয়ে বাকি জীবন কাটাতে চাই।’

শানারেই দেবী শানু বলেন, ‘আসলে লেখালিখিটা অদ্ভুত এক মোহের জায়গা, দারুণ এক নেশার জায়গা। সেক্ষেত্রে হুট করে এলাম, গেলাম বা জয় করে ফেললাম—এসব বিষয় কিন্তু এখানে নেই। এটা নিজের একটি ভুবন। যে ভুবন দারুণ আনন্দের। সেই অনন্তযজ্ঞে আমার শহরটা একটু একটু করে বড়ো করতে চাই।’