রাঙ্গামাটি সদর হাসপাতাল সড়ক

বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যান চলাচল ব্যাহত

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের প্রধান সড়কটি বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে ও খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি সংস্কার না করায় রোগীবাহী গাড়ি ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে মারাত্মক অসুবিধার সৃষ্টি হচ্ছে। জেনারেল হাসপাতালে যাতায়াতের প্রধান এই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে হাসপাতালে আগত রোগীসহ স্থানীয় জনসাধারণ। এ সড়ক দিয়ে মিনি ট্রাক, পিকআপ, সিএনজি, রোগীবাহী গাড়িসহ বিভিন্ন ধরনের যানবাহনে প্রতিদিন কয়েক শত লোক যাতায়াত করে। সড়কটির বেহাল অবস্থার কারণে প্রায় প্রতিদিন কোনো না কোনো ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে।

এছাড়া ছোটোবড়ো মিলে সড়কটিতে প্রায় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বিভিন্ন যানবাহন বিশেষ করে রোগী নিয়ে যাওয়া সিএনজি, অ্যাম্বুলেন্স এসব গর্তে পড়ার কারণে রোগীরা মারাত্মক দুর্ভোগে পড়ে। এ সড়কে যাতায়াত করা সিএনজি অটোরিকশাচালক মো. আজিজ আহমদ জানান, সড়কের বেহাল দশার কারণে হাসপাতালে আসা রোগী ও যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। আর প্রায় সময় এই সড়ক দিয়ে উঠতে গিয়ে সড়কটি ছোটোবড়ো গর্তের কারণে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে পড়ছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার না করার কারণে দিনের পর দিন ছোটোবড়ো গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে হাসপাতালে আসা রোগীসহ স্কুলের যাতায়াতকারী ছাত্রছাত্রীদের। এ ব্যাপারে পৌর কাউন্সিলর কালায়ন চাকমা জানান, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের। জেলা পরিষদ থেকে এই সড়কটি মেরামত করে দেওয়া কথা রয়েছে। তবু হাসপাতালে আসা রোগী ও যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে পৌরসভার পক্ষ থেকে দ্রুত এই সড়কটি মেরামতের কাজ করবেন বলে জানান তিনি।