খালের মধ্যে কালভার্ট!

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় খালের মধ্যে চলাচলের রাস্তা ছাড়াই কালভার্ট নির্মাণের অভিযোগ উঠেছে। বড় পাঙ্গাসী ইউনিয়নের সৈয়দপুর পাঙ্গাসী কবরস্থানের পাশে বিল সূর্য শাখা খালে এমন ঘটনা ঘটেছে। জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে বড় পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ থেকে ঐ কালভার্টটি নির্মাণ করা হয়।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিল সূর্য নদীর শাখা খালে কোনো রাস্তা ছাড়াই পানির মধ্যে অপরিকল্পিত ভাবে এই কালভার্টটি নির্মাণ করা হয়েছে। বর্তমানে কালভার্টটির চারদিকে পানি ও কাদায় পরিপূর্ণ। নদীটির পাড় দিয়ে এলজিইডি থেকে পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। নদীভাঙন থেকে রাস্তাটি রক্ষায় এর এক পাড় ব্লক দিয়ে ভাঙন রোধ করা হয়েছে। বর্ষাকালে এখানে কালভার্ট নির্মাণ করায় নৌকা চলাচল ব্যাহত হয়।

খালের ভেতর কালভার্ট স্থাপন প্রসঙ্গে মুঠোফোনে জানতে চাইলে বড় পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির লিটন জানান, আমি ইউপি চেয়ারম্যান। কোথায় প্রকল্প বাস্তবায়ন করতে হবে, না হবে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, অপরিকল্পিতভাবে চলমান নদীর মধ্যে কালভার্ট নির্মাণ করার বিষয়টি শুনেছি। বিষয়টি সরেজমিনে তদন্তপূর্বক সত্যতা পেলে ঐ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াসহ প্রকল্পের অর্থ ফেরত নেওয়া হবে।