সাতক্ষীরার কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে পৌর সদরের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পৌর সদরের তুলসিডাঙ্গা গ্রামের মৃত সোনা কাজীর ছেলে ও উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীর উল গীয়াস জানান, তার বিরুদ্ধে দুটি সিআর ও একটি জিআর মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া অভিযানকালে সাহাজাদার বাড়ি থেকে কাগজপত্রবিহীন বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি মোটরসাইকেল, কিছু নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও বিভিন্ন ব্যাংকের চেকবই জব্দ করা হয়েছে। তার বাড়ি থেকে উদ্ধার হওয়া অবৈধ মালপত্রের ব্যাপারেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।