ডিজিটাল নিরাপত্তা আইনে আটক নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল হককে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানি শেষে কিশোরগঞ্জের ৪ নম্বর জিআর আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম চৌধুরী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন। প্রসঙ্গত, ফেসবুকে স্থানীয় এমপিকে আক্রমণ করে মানহানি ও ভীতি প্রদর্শন করে তথ্য প্রচার করায় নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহরিয়ার আহম্মেদ তুলিপ বাদী হয়ে সিংপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ তিন জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে নিকলী থানায় মামলা দায়ের করেন। গত ৮ জানুয়ারি সিংপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল হককে ঢাকার উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।