কাগজে-কলমে বঙ্গবন্ধু বিপিএলের অন্যতম শক্তিধর দল রাজশাহী রয়্যালস। অলরাউন্ডারে ঠাসা দলটার ব্যাটিং গভীরতা যেমন বেশি, তেমনি রয়েছে দারুণ বোলিং বৈচিত্র্য। প্রতি ম্যাচেই ৮-৯ জন বোলার ব্যবহার করেছেন রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল। যার সুফলও পেয়েছে দলটি। গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে এই বোলিং বৈচিত্র্য দিয়েই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে বড়ো স্কোর গড়তে দেয়নি রাজশাহী।
ক্রিস গেইলের হাফ সেঞ্চুরির পরও চট্টগ্রাম ৯ উইকেটে ১৬৪ রানের বেশি যেতে পারেনি। গতকালও রাজশাহীর হয়ে ৮ বোলার বোলিং করেছেন। বড়ো দানটা মেরেছেন ১০ ওভার করা আফিফ হোসেন। তার অফস্পিনে বিভ্রান্ত হয়ে বোল্ড হয়েছেন গেইল। পরের ওভারে নেওয়াজ ফিরিয়ে দেন মাহমুদউল্লাহ ও নুরুল হাসান সোহানকে। ৯ বলের ব্যবধানে ৩ উইকেট হারানো চট্টগ্রাম প্রত্যাশিত স্কোর পায়নি।
যদিও শুরুতে ব্যাট হাতে তাণ্ডব চালানোর ইঙ্গিত ছিল গেইলের ব্যাটে। জিয়াউর, ইমরুলরা দ্রুত ফিরলেও এক প্রান্তে তোপ দাগাচ্ছিলেন এই ক্যারিবিয়ান। ২১ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। কিন্তু তাকে স্থায়ী হতে দেননি আফিফ। গেইল ২৪ বলে ৬৯ রান (৬ চার, ৫ ছয়) করেন। মাহমুদউল্লাহ ৩৩, আসেলা গুনারত্নে ৩১ রান করেন।
রাজশাহীর ইরফান-নেওয়াজ ২টি করে, আফিফ, আন্দ্রে রাসেল, অলক কাপালি ১টি করে উইকেট পান।