এই সময়ের ছড়া

শব্দদূষণ

সারা দিনমান এই শহরের হরেক রকম শব্দ

শহরবাসীকে করছে নাকাল, জব্দ; 

আর তার সাথে সমানে বাজছে যানবাহনের হর্নও   

সব সয়ে নিতে ক্লান্ত ভীষণ আমাদের দুই কর্ণ।

 

হর্নটা বাজায় শখ করে কেউ কেউবা বাজায় জেদে

ভাবতে চায় না কতটা তীব্র হয়ে তা কানে যে বেঁধে।

 

পথে যেতে যেতে এমন অনেক লোকজন খুঁজে পাবেন

আপনাকে যারা সদাসর্বদা ভিআইপি বলে ভাবেন।

এমন ভাবনা থেকেই নিজকে জাহির করতে তারা 

সাইরেন ছেড়ে রাস্তা ক্লিয়ার করতে লাগান তাড়া।

 

বলুন তো তাকে কী বলে ডাকব বেকুব না উজবুক

বিকট শব্দে হর্ন-সাইরেন বাজায় যে অহেতুক?

 

শব্দদূষণে শ্রবণযন্ত্রে হতে পারে স্থায়ী ক্ষতি

বেড়ে যেতে পারে রক্তের চাপ হূদপিণ্ডের গতি;

শুধু তাই নয় অনেকে হারায় মানসিক ভারসাম্য

মেজাজটা হয় খিটখিটে যেটা নয় কারো মোটে কাম্য।

 

তাই অনুরোধ—সবাই আজকে হয়ে যান সংযত

অকারণে হর্ন বাজানো ছাড়ুন বাকি জীবনের মতো।