পতন থামলেও গতি পায়নি শেয়ারবাজার

বছরের শুরু থেকেই শেয়ারবাজারে ধস চলছে। এতে বিনিয়োগকারীরা দিশাহারা। এমন অবস্থার মধ্যে গতকাল দিনের শুরুতে বড়ো উত্থান দেখা দেওয়ায় বিনিয়োগকারীরা স্বস্তি দেখছিলেন। তবে দিন শেষে খুব বেশি উত্থান হয়নি। গতকাল দিন শেষে ঢাকা স্টাক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স মাত্র ৩২ পয়েন্ট বাড়ে। যদিও সকালেই ৮৩ পয়েন্ট বেড়ে গিয়েছিল।

বিশ্লেষণে দেখা গেছে, গত মঙ্গলবার  সরকারি চার ব্যাংককে অর্থ মন্ত্রণালয়ের শেয়ারবাজারে বিনিয়োগের নির্দেশের খবরে গতকাল বুধবার শুরু থেকেই উত্থানে ছিল শেয়ারবাজার। যা দিন শেষেও বহাল ছিল। তবে মৌল ভিত্তির শেয়ার গ্রামীণফোনের পতনের কারণেই বাড়ারের প্রধান মূল্যসূচক খুব বেশি বাড়তে পারেনি। কোম্পানিটির শেয়ার সকালে ৮ টাকা বাড়লেও দিন শেষে ২ টাকা ৮০ পয়সা কমে ২৩১ টাকার ৪০ পয়সায় দাঁড়িয়েছে। গতকাল ডিএসইর মূল্যসূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট বেড়ে চার হাজার ৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। যা গত সোমবার ৮৯ পয়েন্ট ও মঙ্গলবার ৮৭ পয়েন্ট কমেছিল। গতকাল বুধবার ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯১৪ ও এক হাজার ৩৭১ পয়েন্টে। ডিএসইর চালু হওয়া নতুন সূচক সিডিএসইটি ৭ পয়েন্ট বেড়ে ৮২৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৪২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৯ কোটি ৯৮ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২৬২ কোটি ৮১ লাখ টাকার। ৩৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১০টির বা ৫৯ দশমিক ৪৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৯৪টির বা ২৬ দশমিক ৬৩ শতাংশের এবং ৪৯টি বা ১৩ দশমিক ৮৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে গতকাল ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ার।  কোম্পানিটির ১৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১৫ কোটি ৫২ লাখ টাকার এবং ১২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে নেমেছে লাফার্জহোলসিম বাংলাদেশ। ডিএসইর টপটেন লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে : এডিএন টেলিকম, স্ট্যান্ডার্ড সিরামিক, খুলনা পাওয়ার, নর্দার্ণ জুট, জেনেক্স ইনফোসিস, এসএস স্টিল ও বিকন ফার্মাসিউটিক্যালস।

অপরদিকে গতকাল শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩৯৩ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৫টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। গতকাল সিএসইতে ৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।