স্কুল ছাত্রসহ সড়ক দুর্ঘটনায় আট জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার ও গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
স্টাফ রিপোর্টার, রংপুর : তারাগঞ্জে নৈশ্যকোচ ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচ জন। গতকাল উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের বাছুরবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ঠাকুরগাঁও গিলাবাড়ির সাথী আখতার (২৬), বিপ্লব রহমান (২৬) ও অ্যাম্বুলেন্সের ড্রাইভার রুবেল মিয়া (২৫)।
কালীগঞ্জ (ঝিনাইদহ) : কালীগঞ্জে মাইক্রোবাস চাপায় রনি আহমেদ (১০) নামে ৪র্থ শ্রেণির এক ছাত্র নিহত হয়। গতকাল কালীগঞ্জের শাহপুর ঘিঘাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রনি দাদপুর গ্রামের বাহাজেল হোসেনের ছেলে।
মহেশপুর (ঝিনাইদহ) : জীবননগর-কালীগঞ্জ মহাসড়কের খালিশপুর তেল পাম্পের সামনে গতকাল ট্রাক ও আলমসাধু মুখোমুখি সংঘর্ষে আলমসাধু চালক কামাল হোসেনের (৩৫) মৃত্যু হয়েছে।
ত্রিশাল (ময়মনসিংহ) : ত্রিশালে দুই ট্রাক ও তিন বাসের সংঘর্ষে একজন নিহত ও অপর দশ জন আহত হয়েছেন। গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজিরশিমলা নামক স্থানে ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রী অজ্ঞাত পুরুষ (৩৫) ও অপর ১০ জন আহত হয়েছেন।
বিরামপুর (দিনাজপুর) : বিরামপুর উপজেলার কাটলা কলেজের রাস্তায় ট্রাককে বালুবাহী ট্রলি দিয়ে টেনে তোলার সময় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী শাহিনুর ইসলাম শাহিন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার অচিন্তপুর গ্রামের বাসিন্দা।
পূর্বধলা (নেত্রকোনা) : পূর্বধলায় ট্রাক চাপায় জুয়েল মিয়া (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষবেড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জুয়েল গোহালাকান্দা ইউনিয়নের শালদিঘা গ্রামের মৃত জামির হোসেনের ছেলে।
মিঠাপুকুর (রংপুর) : বিদ্যালয়ে আসার পথে মাটি ভর্তি ট্রলির চাপায় গুরুতর আহত হয়েছেন পাইকান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী রুপা মনি। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রমেক হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন রুপা। এদিকে, ট্রলি মালিক ও চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে জনগণ ও শিক্ষার্থীরা।
গাংনী (মেহেরপুর) : গাংনীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে হেলপারসহ পাঁচ জন আহত হয়েছেন। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর জোড়পুকুরিয়া বাজারের অদূরে জেটিএস স্কুলের নিকট এ দুর্ঘটনা ঘটে। যাত্রীরা জানান, চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটে।