ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য শিক্ষার্থীরা না বুঝে আন্দোলন করছে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। দুই সিটির ভোট আগানো বা পেছানোর কোনো সুযোগ নেই বলেও জানিয়েছেন। বুধবার নির্বাচন কমিশনে এক অনানুষ্ঠানিক বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সচিব বলেন, আন্দোলন যারা করেছে তারা বয়সে অল্প, নবীন। তারা হয়তো কেউ বুঝে, কেউ না বুঝে করছে। আমার ধারণা একটু পরেই তারা বুঝে যাবে যে, এটা ঠিক হচ্ছে না। তিনি বলেন, আন্দোলনে ভোটের ওপর প্রভাব পড়ার কথা নয়। কারণ কয়েক দিনের মধ্যে তারা বুঝে যাবে আন্দোলন করা ঠিক হচ্ছে না। এটা হয়তো বা তারা না বুঝে করছে। তাদের বুঝতে হবে সরস্বতী পূজা ২৯ জানুয়ারি। আর নির্বাচন হচ্ছে ৩০ জানুয়ারি ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা। এ জন্য নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। আগানোরও সুযোগ নেই।
এদিকে বৈঠক সূত্রে জানা গেছে, অনানুষ্ঠানিক কমিশন সভায় ঢাকার দুই সিটি নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা করেননি কমিশনারগণ। তবে প্রবাসীদের ভোটার করার বিষয়ে ঐ বৈঠকে আলোচনা হয়েছে। সেখানে দ্রুততার সঙ্গে প্রবাসীদের ভোটার করার কার্যক্রম শুরু করতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগকে বলা হয়েছে। ভোটার করার ক্ষেত্রে প্রবাসীরা যাতে হয়রানি না হন—সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।