বরিশালে পুলিশ সুপারের বিরুদ্ধে মামলা

বরিশাল জেলার পুলিশ সুপারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জেলা পুলিশ লাইন্স ভবনের ভাড়াটিয়া ‘দি রিভার ক্যাফে চাইনিজ ও ফাস্টফুড রেস্টুরেন্টের’ স্বত্বাধিকারী বাপ্পী রঞ্জন রায় বাদী হয়ে সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি করেন। আদালতের বিচারক মো. কাজী কামরুল ইসলাম মামলাটি পরবর্তী শুনানির জন্য অপেক্ষমাণ রেখেছেন।

মামলা পরিচালনাকারী আইনজীবী আজাদ রহমান জানান, ২০০৮ সালে বাপ্পী রঞ্জন বরিশাল পুলিশ সুপারের কাছ থেকে ব্যবসার জন্য একটি ভবন ভাড়া নেন। পরবর্তীতে ২০১৩ সালের ৩ অক্টোবর চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৮ সাল পর্যন্ত করা হয়। কিন্তু ২০১৫ সালের ১৭ আগস্ট বরিশাল রেঞ্জ ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্সের ৫১৭৭ নম্বর স্মারকের মাধ্যমে চুক্তিপত্রটি বাতিল করেন। ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি বাপ্পী রঞ্জনকে চুক্তিপত্র বাতিলের নোটিশ দেওয়া হয়। এতে বাপ্পী রঞ্জন সুপ্রিম কোর্টে রিট পিটিশন করলে চুক্তিপত্র বাতিলের আদেশটি স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। ঐ আদেশ থাকাবস্থায় ২০১৯ সালের ৩ নভেম্বর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তার ব্যাবসায়িক প্রতিষ্ঠান ‘দ্য রিভার ক্যাফের’ পেছনের অংশ জরুরি ভিত্তিতে অপসারণের নির্দেশ দেন। এরপরও অপসারণ না করলে সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে চলতি বছরের ২ জানুয়ারি ক্যাফের পেছনের অংশ ভাঙচুর, পানি ও বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় বাপ্পী রঞ্জন বাদী হয়ে আদালতে মামলা করেন।

এ ব্যাপারে পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ঐ স্থানে পুলিশ লাইন্সের ভবন নির্মাণ করা হবে। এ কারণে ওখানে দোকান ভাড়া দেওয়ার প্রয়োজনীয়তা নেই। আর ভাড়াটিয়া চুক্তি অনুযায়ী যে কোনো সিদ্ধান্ত দোকানের মালিক পুলিশ নিতে পারে।