দেশ দুর্বৃত্তদের হাতে চলে গেছে :ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে সরকার যত বড়ো বড়ো কথা বলুক না কেন, তাদের কোনো জনপ্রতিনিধিত্ব নেই। দেশ দুর্বৃত্তদের হাতে চলে গেছে। তারা গায়ের জোরে, অস্ত্রের জোরে সন্ত্রাসের মাধ্যমে টিকে আছে।’ গতকাল বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলা বালিয়া ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। জনগণকে ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে গণতন্ত্রকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমাদের এ দেশে দুঃখজনকভাবে গণতন্ত্র নেই, মানুষের অধিকার নেই, মানুষের ন্যূনতম অধিকারগুলো নেই, সেগুলো হরণ করে নেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘যে চেতনার ভিত্তিতে মুক্তিযুদ্ধ করেছিলাম, দেশ স্বাধীন করেছিলাম, সে চেতনার ভিত্তিতে জনগণকে ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে গণতন্ত্রকে মুক্ত করব।’ এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।