নানা কায়দায় বাধা দেওয়া হচ্ছে :তাবিথ

ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও উত্তরের প্রার্থী তাবিথ আউয়াল নির্বাচনি প্রচারণায় নৌকার লোকজন বাধা দিচ্ছে এবং পোস্টার ছিঁড়ে ফেলছে বলে অভিযোগ করেছেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন গতকাল বুধবার ধানমন্ডি বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে নির্বাচনি প্রচারণা শুরুর আগে অভিযোগ করে বলেন, অনেক জায়গায় ধানের শীষের পোস্টার লাগাতে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন স্থানে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখছি না।

এ সময় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকনসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুরে ধানমন্ডি ১৫ নম্বর ঝিকাতলা হয়ে হাজারীবাগ, রায়েরবাজার এলাকায় গণসংযোগ করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আগামী ৩০ ডিসেম্বর সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উত্সব সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, অবশ্যই নির্বাচন কমিশনকে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে আধুনিক ঢাকার সঙ্গে তাল মিলিয়ে সব জায়গার উন্নয়ন করব। বিরাজমান সমস্যা দূরীকরণ, বায়ুদূষণসহ পরিবেশ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল সকালে রাজধানীর উত্তর বাড্ডা রহমাতুল্লাহ গার্মেন্টসের সামনে থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা শুরু করেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, প্রতি দিন নানা পদ্ধতিতে আমাদের প্রচার-প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। তাবিথ আউয়াল বলেন,  এই এলাকার জলাবদ্ধতা ও সরু এলাকায় যানজট নিরসনে কাজ করব। নারী শিশুসহ সবাইর নিরাপত্তায় কাজ করব। খোলা জায়গায় হাঁটার ব্যবস্থা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জলবায়ুবিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদ, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।