দৌলতদিয়া যৌনপল্লিতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান বলেছেন, নিজের পরিবারকে ছেড়ে জীবন বিলিয়ে দিতে এই নিষিদ্ধ পল্লি বা পতিতা পল্লিতে কেন আসে এই মেয়েরা/বোনেরা? এই সকল মেয়ে বিভিন্নভাবে প্রতারণার ফাঁদে পড়ে বা দালালের মাধ্যমেই এখানে এসেছে। এভাবেই তো এখানে একটা সমাজ সৃষ্টি হয়েছে। এটি কিন্তু আমাদের স্বীকার করতে হবে।

আর এই পল্লির একটা শিশুও পাপী হয়ে জন্মগ্রহণ করে না। আমার বাচ্চাটাকেও যে আদরে দেখি, কেন পারি না এই পল্লির শিশুকে বুকে জড়িয়ে নিতে? এই প্রশ্ন আপনাদের কাছে।

বুধবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়ার নিষিদ্ধ পল্লির সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষার মান উন্নয়নে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান।

‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ প্রতিপাদ্যে গোয়ালন্দ ঘাট থানা আয়োজনে মুক্তি মহিলা সমিতির কার্যালয় মাঠ প্রাঙ্গণে রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে দৌলতদিয়ার যৌনপল্লির প্রায় ৩০০ সুবিধাবঞ্চিত শিশু ও কিশোরের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন তিনি।