উত্তরায় বিএনপির কাউন্সিলর পদপ্রার্থী সেগুনের ওপর হামলা, আহত ৮

রাজধানীর উত্তর সিটির ১ নন্বর ওয়ার্ড বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান সেগুনের ওপর হামলা হয়েছে। এতে প্রার্থীসহ আট জন আহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় চার জনকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—স্থানীয় যুবদলের বকুল হোসেন, ঢাকা উত্তর ছাত্রদলের সদস্য রাজন মুহাম্মদ রাজ, ছাত্রদলের সদস্য রবিউল আউয়াল ভূইয়া, সাইফুল ইসলাম সাইফ, সোহেব আহমদসহ আরো অন্তত চার জন। ঘটনাস্থল থেকে দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রার্থীর মাথায় ও হাতে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, বিএনপি মনোনীত প্রার্থী গতকাল বুধবার বিকাল ৪টার দিকে আবদুল্লাহপুর খন্দকার সিএনজি পাম্প থেকে প্রচারণা শুরু করে বেড়িবাঁধের ঢাল দিয়ে উত্তরা ৯ নম্বর সেক্টরের শেষ মাথায় যাচ্ছিলেন। এ সময় ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আফসার উদ্দিন খানের নির্বাচনী অফিস থেকে ৫০-৬০ জনের একটি দল লাঠি, রড ও হকিস্টিক দিয়ে তাদের এলোপাতাড়ি মারধর করতে থাকে। প্রার্থী সেগুন বলেন, ‘আমাকেও লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। আর আমার প্রচারণা দলে থাকা সবাই কমবেশি মার খেয়েছে। তবে সবচেয়ে অমানবিক বিষয় হচ্ছে, ছাত্রদলের চারজন কর্মীকে তারা প্রকাশ্যে মারধর করতে করতে এক কিলোমিটার পর্যন্ত নিয়ে যায়। পরে তারা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে তাদের ছেড়ে দেয়। এ সময় আমাকে নির্বাচনী প্রচারণা চালাতে নিষেধ করা হয়।’