স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের স্বাস্থ্য খাত আগামী পাঁচ বছরে স্বর্ণযুগে প্রবেশ করবে। গতকাল বুধবার রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগারে দেশের ৮৮টি উপজেলায় একযোগে ১০৩টি অ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, সাড়ে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে যেভাবে সারাদেশে মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে, একই ভাবে আগামীতে চিকিত্সক, নার্স, মিডওয়াইফারি নিয়োগ দিয়ে হাসপাতালের সেবার মান বৃদ্ধি করা হবে। এছাড়াও চিকিত্সাসেবায় মানুষের ব্যয় কমিয়ে আগামীতে দেশের স্বাস্থ্য খাতকে ইতিহাসের স্বর্ণযুগে নিয়ে যাওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সভায় ৮৮টি উপজেলার পক্ষ থেকে ঐ এলাকার নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত থেকে অ্যাম্বুলেন্সগুলোর চাবি বুঝে নেন। ৮৮টি উপজেলা ও জেলা হাসপাতালগুলোর পক্ষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, জয়পুরহাট-১ আসনের এমপি সামছুল আলম দুদু, জামালপুর সদর হাসপাতালের জন্য জামালপুর-৫ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, রাজশাহী সদর হাসপাতালের জন্য এমপি ফজলে হোসেন বাদশা, সিলেট-৩ আসনের এমপি মাহমুদুস সামাদ চৌধুরী, ময়মনসিংহ-১১ আসনের কাজিম উদ্দিন এমপি, রাঙ্গামাটি থেকে দিপংকর তালুকদার এমপি, যশোর-৪ আসনের রনজিত্ কুমার রায় এমপি, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি মো. আমিনুল ইসলাম, বগুড়া-২ আসনের এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতিমা শিউলি, টাঙ্গাইল-৪ আসনের এমপি আহসানুল ইসলাম টিটু, বগুড়া-৪ আসনের এমপি মো. মোশারফ হোসেন, বগুড়া-৭ আসনের এমপি মো. রেজাউল করিম বাবলু, টাঙ্গাইল-২ আসনের এমপি ছোট মনির এবং খাগড়াছড়ি থেকে কুজেন্দ্র লাল ত্রিপুরা নিজ নিজ এলাকার হাসপাতালের পক্ষে অ্যাম্বুলেন্সের চাবি বুঝে নেন।