ভাইকে চিকিত্সা করাতে ঢাকায় এসে সৈয়দ আলী মিয়া (৫৭) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে কমলাপুর এলাকার একটি আবাসিক হোটেল থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানা পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, মৃতের ফুপাতো ভাই মতিউর রহমান বেশ কিছুদিন ধরে অসুস্থ। চিকিত্সা করানোর জন্য দুদিন আগে নরসিংদী থেকে তাকে ঢাকায় নিয়ে আসেন সৈয়দ আলী। কমলাপুরের একটি হোটেলে ওঠেন তারা। গতকাল সকালে মতিউর ঘুম থেকে ওঠার পর ভাইকে ডাকাডাকি করেন। তবে কোনো সাড়া মেলেনি। একপর্যায়ে হোটেলকর্মীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
মতিঝিল থানার এসআই মনিরুল ইসলাম জানান, সৈয়দ আলীর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। তার বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার চালচাকান্দি গ্রামে। তিনি পেশায় চা বিক্রেতা ছিলেন।