রাজধানীর শাহবাগে সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবিতে আন্দোলন চলাকালে এক ব্যক্তি তার লাইসেন্সকৃত রিভলবার দিয়ে গুলি করার চেষ্টা চালিয়েছিল। এ ঘটনায় আন্দোলনকারীরা তাকে আটক করে গণপিটুনি দিয়েছে। গণপিটুনির শিকার ব্যবসায়ী আলিফকে পুলিশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছে। পুলিশ তার লাইসেন্সকৃত রিভলবার ও ৭ রাউন্ড গুলি জব্দ করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বিকালে। আহত ব্যবসায়ী আলিফ মতিঝিলে গোল্ড অ্যান্ড ট্রাভেলস নামে জনশক্তি রপ্তানিকারক একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, নির্বাচন পেছানোর দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে সমাবেশ করছিল আন্দোলনকারীরা। বিকাল পৌনে ৩টার দিকে প্রাইভেটকারে মতিঝিল অফিসে যাবার পথে শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের বাধার মুখে পড়েন ব্যবসায়ী আলিফ। এ সময় গাড়িতে ছিল তার স্ত্রী নামিরা ও ভাগ্নি নাজিপা সিদ্দিকা। আলিফ গাড়ি থেকে নেমে আন্দোলনকারীদের কাছে গাড়িটি ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলিফ উত্তেজিত হয়ে তার লাইসেন্সকৃত রিভলবার বের করে গুলি করতে উদ্যত হন। এ সময় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে প্রাথমিক চিকিত্সা দিয়ে থানায় নিয়ে আসে।
ওসি আরো জানান, আলিফের বাড়ি কাঁঠালবাগানের ৬৯/ও, ফ্রি স্কুল স্ট্রিটে। তার বিরুদ্ধে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র অপব্যবহারের অভিযোগ আনা হবে কি না—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাকে আপাতত আটক দেখানো হচ্ছে।