কমলালেবু, এবার শীত আসবে বহুদুর থেকে।
লেপচা রমণীদের হাতে বোনা রেলগাড়ি
পাহাড়ের মতো কালো হুইসেল উড়িয়ে
ঝুমঝুম কুয়াশা গায়ে, পায়ে পায়ে
নীরবে এসে দাঁড়াবে স্টেশনে, শীতকাল।
এই যে গাছ, গাছের পরে গাছ
যেন মিছিলে মিছিলে মাছেদের লাইন,
আজ জেনে গেছে পশমি সুতোর প্রয়োজন।
আদরের আঙুলগুলো আলতো দরজায়,
খোসা ছড়ালেই পড়ে যেও না রোদ্দুর
এবার শীত আসবে বহুদূর থেকে
কমলালেবুর মতো মন,
বদলে যাবে হাতের অভ্যেস।