ফেরা

 

মাথার ওপর ধূসর শূন্যতার চাদরমোড়া চন্দ্রদেব

আমাকে ঘিরে রাখে কুয়াশা হিম

সিগারেটের ছাই ওড়ে ছড়িয়ে ছিটিয়ে

তারল্যে সমর্পিত সময়

 

পরস্পরকে ঠকিয়ে ঠকিয়ে নিজে নিজে জিতে যাই মনে মনে

প্রবঞ্চনায় ঝাপসা সমাজসংসার

মিথ্যের টানে আলগা হতে থাকে সম্পর্কের গ্রন্থি

না, অনুভব বলে কিছু নেই

না, অঙ্গীকার বলে কিছু নেই

অবিশ্বাসের গরলে গলে যায় অসহ্য জীবন

 

পূর্বসূরি কবির পদচিহ্ন ধরে ধরে

আমিও অবশেষে পৌঁছে যাই

সেই দ্বারপ্রান্তে

যার কপাট কেবল ভেতরের দিকেই খোলে

 

মানুষ হারিয়ে গেলে কেউ কেউ ফিরে আসে

কেউ আর কখনো ফেরে না