বাণিজ্য মেলায় শিশু-কিশোরদের বিজ্ঞানবাক্স

শিক্ষামূলক বিনোদন উপকরণ তৈরির জন্য সুপরিচিত অন্যরকম বিজ্ঞানবাক্স এবার বাণিজ্য মেলায় শিশু-কিশোরদের জন্য অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে। অন্যরকম বিজ্ঞানবাক্স বাংলাদেশে তৈরি প্রথম সায়েন্স কিট, যা উত্পাদন এবং বিপণন করে থাকে অন্যরকম ইলেকট্রনিক্স। বিজ্ঞানবাক্সের ভেতরে নানারকম উপাদান দেওয়া থাকে, যা দিয়ে বিজ্ঞানের নানারকম পরীক্ষণ করা যায়। সঙ্গে সহায়ক বই এবং সিডি দেওয়ার কারণে শিশু-কিশোরেরা খুব সহজেই অন্যের সাহায্য ছাড়াই এক্সপেরিমেন্টগুলো করতে পারে। বিজ্ঞানবাক্সের মাধ্যমে পাঠ্যবইয়ে বিজ্ঞানের বিভিন্ন সূত্র হাতেকলমে পরীক্ষা করে দেখার ফলে বিজ্ঞান শিক্ষা তাদের কাছে সহজতর হয়। বিজ্ঞানবাক্সগুলো মূলত বিষয়ভিত্তিক হয়ে থাকে। যেমন আলো, চুম্বক, তড়িত্, রসায়ন, শব্দ, মাপজোখ এসব বিষয় নিয়ে ছয়টি বিজ্ঞানবাক্স রয়েছে। তবে এবারই প্রথম এসেছে শ্রেণিভিত্তিক বিজ্ঞানবাক্স। পঞ্চম শ্রেণির সব এক্সপেরিমেন্ট নিয়ে এসেছে নতুন বিজ্ঞানবাক্স। এই বিজ্ঞানবাক্সটি শ্রেণিকক্ষে শিক্ষকদের পাঠ প্রদানের উপযোগী করে তৈরি করা হয়েছে। ফলে, শিক্ষক এবং শিক্ষার্থী, উভয়েরই উপকারে আসবে এই বিজ্ঞানবাক্সটি। এছাড়াও নতুন আকর্ষণ হিসেবে আছে মনোযোগ বাড়ানোর খেলা ফোকাস চ্যালেঞ্জ। শিগগির আসবে জ্যামিতিক আকৃতি দিয়ে নানারকম চিত্র তৈরির খেলা ট্যানগ্রাম এবং স্মার্টকিট ক্যাপ্টেন কিউরিয়াস। এবারের মেলা উপলক্ষ্যে বিজ্ঞানবাক্সে রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং সারপ্রাইজ গিফট। বিজ্ঞানবাক্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি বিজ্ঞানবাক্সে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকছে। অফার এবং যাবতীয় আপডেট বিস্তারিত পাওয়া যাবে বিজ্ঞানবাক্সের ওয়েবসাইটে www.bigganbaksho.com এই ঠিকানায়।