এই সময়ের ছড়া

কষ্ট করে থাকা

 

বসবাসের অযোগ্য এক শহর হলো ঢাকা

এই শহরে ভালোভাবে যায় না বেঁচে থাকা।

গাড়ির ধোঁয়া ধুলোবালি সিসায় বাতাস ভরা

দূষিত সব উপাদানের মাত্রা অনেক চড়া।

বিশ মিনিটের রাস্তা যেতে মিনিট লাগে আশি

জ্যামে পড়ে হচ্ছে নাকাল পুরো নগরবাসী।

উড়াল পথেও চোখে পড়ে সারি সারি গাড়ি

দাঁড়িয়ে থাকে দিনে-রাতে সোজা-আড়াআড়ি।

যখন-তখন আগুন লেগে ওঠে আহাজারি

পোড়ে মানুষ কারখানা-ঘর জিনিস রকমারি।

বেপরোয়া মোটরযানের দ্রুতগতির চলা

কার যে কখন প্রাণ কেড়ে নেয় যায় না আগে বলা।

হেঁটে চলার রাস্তাগুলো দখল দোকানপাটে

স্বস্তি নিয়ে যায় না হাঁটা দোকান খেলার মাঠে।

তুলছে বাড়ি অফিস ক্লিনিক যে যার খুশি মতো

নগর গড়ার বিধি ভেঙে উঠছে শত শত।

মানে না কেউ বিধান এখন সুষ্ঠু নিয়ম-নীতি

আইনকানুন এড়িয়ে চলার চলছে রেওয়াজ-রীতি।

ছিন্নমূলের মানুষগুলো বাঁচতে এসে ঢাকা

দেখছে তাদের জীবনছবি দুখের রঙে আঁকা!

 

একদিন ঠিক হবে জানি যোগ্য শহর ঢাকা

সেই আশাতেই নগরবাসীর কষ্ট করে থাকা!