কুমিল্লায় ৪৯তম শীতকালীন জাতীয় ক্রীড়া শুরু আজ

জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৪৯তম শীতকালীন জাতীয় ক্রীড়া আসর আজ শুক্রবার শিক্ষা-সংস্কৃতি ও ক্রীড়ায় সমৃদ্ধ ঐতিহ্যবাহী কুমিল্লার ভাষা সৈনিক শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে। সারাদেশের ৮০৮ জন কৃতী প্রতিযোগী এ প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে। এদের মধ্যে ৪৬৪ জন ছাত্র এবং ছাত্রী রয়েছে ৩৪৪ জন। ইতিমধ্যে সকল প্রতিযোগী কুমিল্লায় এসে পৌঁছেছে। তাদেরকে রাখা হয়েছে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে।

এদিকে এ প্রতিযোগিতা উপলক্ষ্যে কুমিল্লা স্টেডিয়ামসহ আশপাশের এলাকা ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। শহরে উত্সবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিযোগিরা চারটি অঞ্চলে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।

রাজশাহী ও রংপুর শিক্ষা উপঅঞ্চলকে নিয়ে গঠিত হয়েছে ‘চাঁপা অঞ্চল’, খুলনা ও বরিশাল শিক্ষা উপঅঞ্চল নিয়ে ‘গোলাপ অঞ্চল’, ঢাকা ও ময়মনসিংহ শিক্ষা উপঅঞ্চল নিয়ে ‘পদ্ম অঞ্চল’। অন্যদিকে চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট শিক্ষা উপঅঞ্চল নিয়ে গঠিত হয়েছে বকুল অঞ্চল।

এদিকে ক্রীড়াযজ্ঞের বাজেট প্রায় ৬০ লাখ টাকা।

অ্যাথলেটিক্স এবং বালক গ্রুপের ক্রিকেট ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে, বাস্কেটবল ও বালিকা গ্রুপের ক্রিকেট কুমিল্লা জিলা স্কুল মাঠে, হকি হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং ভলিবল হবে নবাব ফয়জুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস হবে স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম ভবনে।

গতকাল বৃহস্পতিবার বিকালে কুমিল্লা ভাষা সৈনিক শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (প্রশাসন) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মাওশি পরিচালক (মাধ্যমিক) প্রফেসর বেলাল হোসেন, সাংগঠনিক কমিটির সভাপতি ও কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম, কমিটির সম্পাদক ও কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব নূর মোহাম্মদ, জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক ও মাউশির উপপরিচালক (শাশি) মো. আক্তারুজ্জামান ভুঁইয়া, সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবদুস সালাম, তামান্না মুস্তারী প্রমুখ।