মহীয়সী মাজেদা বেগমের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত

যথাযোগ্য মর্যাদায় ভাবগম্ভীর পরিবেশে পালিত হলো দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী এবং ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের পরিচালকমণ্ডলীর সাবেক চেয়ারম্যান মহীয়সী মাজেদা বেগমের ৩৩তম মৃত্যুবার্ষিকী। সর্বজন শ্রদ্ধেয়া মাজেদা বেগমকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করলেন ইত্তেফাক পরিবারের প্রতিটি সদস্য। শুধু ইত্তেফাকের মানুষের কাছেই নন, তিনি ছিলেন জনদরদি ব্যক্তিত্ব।

মাজেদা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার দিনভর বিভিন্ন কর্মসূচি পালিত হয়। তার অংশ হিসেবে মরহুমার কনিষ্ঠ পুত্র দৈনিক ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্সের চেয়ারম্যান ও সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর ধানমন্ডির বাসভবনে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এর আগে মরহুমার আজিমপুর মাজার প্রাঙ্গণে সকাল থেকে কোরআনখানি করা হয়। পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মরহুমার কনিষ্ঠ পুত্র আনোয়ার হোসেন মঞ্জু, মরহুমার নাতি ইত্তেফাকের কার্যনির্বাহী পরিচালক মহিবুল আহসান শাওন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইত্তেফাক ইউনিট চিফ ও প্রধান প্রতিবেদক আবুল খায়ের, ডেপুটি ইউনিট চিফ মোহাম্মদ শাহযাদা, প্রেস ফেডারেশনের সভাপতি মো. আলমগীর হোসেন খান, দৈনিক ইত্তেফাক এনএনপিপি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মোহাম্মদ তাজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম আকতার, সাধারণ সম্পাদক আবু জাফরসহ মরহুমার পরিবার ও ইত্তেফাকের সাংবাদিক-শ্রমিক-কর্মচারীবৃন্দ। এছাড়াও দৈনিক ইত্তেফাকের কর্মকর্তা শহীদ হোসেন খান, রাজীব চৌধুরী, সার্কুলেশন বিভাগের আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন কাজলাস্থ ইত্তেফাক মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান।

এদিকে, মরহুমার জ্যেষ্ঠ কন্যা মরহুমা আখতারুন্নাহার বেবীর ধানমন্ডির বাসভবনে বাদ এশা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।