ভ্রাম্যমাণ প্রতিনিধি পশ্চিমের জেলাগুলোতে চাষিরা নতুন করে সরষে চাষে ঝুঁকেছেন। এখন মাঠে মাঠে সরষে ফুলের অপরূপ শোভা বিরাজ করছে। দূর থেকে দেখে মনে হয় কেউ যেন মাঠে হলুদ গালিচা বিছিয়ে দিয়েছে। এক সময় পশ্চিমাঞ্চলে সরষের প্রচুর আবাদ হতো। চাষে লাভ না হওয়ায় মাঝে কিছু দিন চাষিরা অন্য ফসল চাষ শুরু করেন। সাম্প্রতিক বছরগুলোতে সরষে চাষ বেড়েছে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ব্রহ্মপুর গ্রামের চাষি মফিজুল ইসলাম জানান, সরষে চাষে খরচ কম। এক বিঘা জমি চাষে এক থেকে দেড় হাজার টাকা খরচ হয়। আর পাঁচ-ছয় মণ সরষে হয়। এক মণ সরষে ২ হাজার টাকা করে বিক্রি হয়। বিঘাপ্রতি ৮ হাজার টাকা লাভ থাকে। এ জন্য চাষিরা ফের সরষে চাষে ঝুঁকেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর আঞ্চলিক অফিসের অতিরিক্ত পরিচালক মো. আলি জানান, এবার সরষে খেতে কোনো রোগ-বালাইয়ের আক্রমণ নেই। লাভজনক হওয়ায় চাষিরা ফের সরষে চাষে ঝুঁকেছে। এবার ভালো ফলন হবে বলে তিনি আশা করেন।