সাতক্ষীরায় খেত থেকে চুরি হচ্ছে পেঁয়াজ!

সাতক্ষীরার বিভিন্ন উপজেলার বিভিন্ন গ্রামে ফসলের মাঠ থেকে চুরি হয়ে যাচ্ছে পেঁয়াজ। ফসলের মাঠে রাত জেগে টর্চ নিয়ে পাহারা দিতে দেখা যাচ্ছে এলাকার লোকজনকে। রাতে পাহারারত আশরাফুল নামের এক যুবক বলেন, বর্তমানে পেঁয়াজ চুরির হিড়িক পড়েছে। ফসলি এলাকার পুরোটাতে একসঙ্গে পাহারা দেওয়া সম্ভব হচ্ছে না। তাই আমরা প্রতিদিন একেক পাশে পাহারা দিচ্ছি। কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদের গ্রাম্য দফাদার এজাহার আলী বলেন, আমার খেতের সব পেঁয়াজ চুরি করে নিয়ে গেছে চোরে। এখন যেভাবে পাহারা দিতে হচ্ছে ফসলের মাঠে এ রকম পাহারা এর আগে কখনোই দিতে হয়নি। পেঁয়াজের দাম বাড়ার পরে খেত থেকে পেঁয়াজ চুরির ঘটনা ঘটে চলেছে। ফলে কৃষকরা অপরিপক্ব অবস্থায় পেঁয়াজ তুলে ফেলতে বাধ্য হচ্ছেন।

পেঁয়াজ চাষি আবুল হোসেন ভুট্টো জানান, এবার পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার পর পেঁয়াজের বীজের দামও বেড়েছে। ফলে কৃষক প্রথমেই পড়েছে বড়ো সংকটে। তারপর আবার এই চুরি হওয়াতে কৃষক দিশেহারা হয়ে পড়েছে। পেঁয়াজ চাষি ছবুর দাই, নওশের আলী দাই, নজরুল দাই, শাহালম, গাজী সাইদুল ইসলাম, সাত্তার গাজী জানান, তাদের পেঁয়াজের খেত থেকে পেঁয়াজ চুরি হয়ে যাচ্ছে। সাতক্ষীরার বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। খেতে পেঁয়াজ চুরি ঠেকাতে সম্মিলিত প্রতিরোধের উদ্যোগ নেওয়া হবে। কেউ অভিযোগ দিলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে।