কুমিল্লায় শরীফ উদ্দিন খান (৪৫) নামের পল্লী বিদ্যুতের এক কর্মকর্তাকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে জেলার বরুড়া উপজেলার আড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর অধীন বরুড়ার আড্ডা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীফ উদ্দিন খান পল্লী বিদ্যুত্ সমিতি আড্ডা অভিযোগ কেন্দ্রের পাশে একটি বাড়িতে ভাড়া থাকতেন। প্রতিদিনের মতো বুধবার রাতেও বাসায় ঘুমিয়েছিলেন। রাত দেড়টার দিকে একদল দুর্বৃত্ত জানালার রড ভেঙে ঘরে প্রবেশ করে শরীফ উদ্দিন খানকে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় পরিবারের সদস্যরা চিত্কার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিত্সক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার জানান, হত্যাকাণ্ডের তদন্ত চলছে। শিগগির ঘটনার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।