শ্যামা সুন্দরি খাল

দখল ছাড়তে ১৭০ জনকে চিঠি

রংপুর মহানগরীতে শ্যামা সুন্দরি খালের ১০ কিলোমিটার এলাকা জুড়ে দখল ছাড়তে ১৭০ জনকে নোটিশ জারি করেছে জেলা প্রশাসন। এসব দখল ছাড়তে গত বুধবার নোটিশ দেওয়া শেষ করেছে বলে জেলা প্রশাসন জানিয়েছে। এদিকে এ খালটি সংস্কারের নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান জানান, শ্যামা সুন্দরি খাল দৃশ্যমান করার জন্য ঘাঘট থেকে মাহিগঞ্জ পাটবাড়ি এই ১০ কিলোমিটার খালের দুই পাশে সার্ভে কাজ সম্পন্ন হয়েছে। আমরা ১৭০ জন খালের জায়গা দখলকারীকে চিঠি দিয়েছি। কোনো দখলদারকে ছাড় দেওয়া হবে না।

খালটি সংস্কারের বিষয়টি নিশ্চিত করে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদি হাসান জানান, রংপুর বিভাগীয় প্রশাসন, রংপুর জেলা প্রশাসন, রংপুর সিটি করপোরেশন ও সেনাবাহিনীর সহযোগিতায় নগরীর শোভাবর্ধনের জন্য ১৬ কিলোমিটার খালের ১০ কিলোমিটার পর্যন্ত সার্ভে কাজ শেষে হয়েছে। এই ১০ কিলোমিটারের মধ্যে আমরা ১৭০ জন খাল দখলকারীকে চিহ্নিত করেছি। রংপুর জেলা প্রশাসনের মাধ্যমে তাদের চলতি মাসের মধ্যে সব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে চিঠি দেওয়া হয়েছে।