ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ চুন ফ্যাক্টরিসহ ছয় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১৫টি চুন ফ্যাক্টরিসহ ছয় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত উপজেলার মজলিশপুর ইউনিয়নের বড়ো বাকাইল, বাকাইল বাজারসহ আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ বি এম মশিউজ্জামান, জেলা প্রশাসকের কার্যালয়ের ছয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিজিএম জাহিদুর  রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিজিএম (বিতরণ) জাহিদুর রেজা বলেন, এটা পকেট গ্যাস। আগামী এক-দুই বছরের মধ্যেই এই গ্যাস উদ্গীরণ বন্ধ হয়ে যাবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এই অভিযান পরিচালনা করছি। অবৈধভাবে গড়ে ওঠা ১৫টি চুন ফ্যাক্টরি ও গ্রামের ছয় শতাধিক আবাসিক গ্রাহকের অবৈধ এবং ১০টি হোটেলের বাণিজ্যিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়াও গ্যাস সরবরাহের কাজে ব্যবহূত প্রায় ২০ হাজার মিটার প্লাস্টিকের পাইপ ও ১২০টি ড্রাম ধ্বংস করা হয়েছে। শুক্রবার বুলড্রেজার দিয়ে অবৈধ চুন ফ্যাক্টরিগুলো গুঁড়িয়ে দেওয়া হবে।