শরণখোলায় পুকুরে দুর্বৃত্তের বিষে মরে গেছে মাছ

শরণখোলার পল্লিতে দুই দিনের ব্যবধানে দুই পুকুরে দুর্বৃত্তের বিষে প্রায় ৫ লাখ টাকার মাছ মরে গেছে। পূর্ব শত্রুতার কারণে এ ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীদের অভিমত। উপজেলার দক্ষিণ তাফালবাড়ী গ্রামের মত্স্যচাষি ফরিদ ফকির জানান, বুধবার দিবাগত রাতে তার মাছের ঘেরে কে বা কারা বিষ দেওয়ায় ঘেরের সব সাদা মাছ মরে ভেসে ওঠে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘেরে গিয়ে পানিতে মরা মাছ ভাসতে দেখেন। এতে তার দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। অপরদিকে, গত ১৩ জানুয়ারি রাতে একই গ্রামের রাজ্জাক ফকিরের ঘেরে বিষ প্রয়োগ করা হলে প্রায় ৩ লাখ টাকার মাছ মারা যায় বলে জানান রাজ্জাক ফকির। এ ঘটনায় তারা শরণখোলা থানায় অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ এস কে আব্দুল্লাহ আল সাইদ জানান, মাছের ঘেরে বিষ প্রয়োগের ঘটনা তদন্ত করার জন্য তাফালবাড়ী পুলিশ ক্যাম্পের আইসিকে নির্দেশ দেওয়া হয়েছে।