বরিশালে বাস থেকে ৮০ মণ জাটকা উদ্ধার, আটক দুই

বরিশালে যাত্রীবাহী বিআরটিসি বাস থেকে ৮০ মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অপু নামের এক ব্যবসায়ী ও বাসের সুপারভাইজার ফয়সালকে আটক করেছে পুলিশ।

বাসটি যাত্রী নিয়ে ভোলা থেকে যশোর যাওয়ার পথে বৃহস্পতিবার বেলা ২টার দিকে বরিশাল সদর উপজেলার দিনারেরপুল এলাকায় তাকে আটক করা হয়। বরিশাল বন্দর (সাহেবেরহাট) থানার এসআই মেহেদী হাসান জানান, বাসটি থেকে ৮০ মণ জাটকা উদ্ধার এবং ব্যবসায়ী ও বাসের সুপারভাইজারকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসটিতে যাত্রী থাকার কারণে ছেড়ে দেওয়া হয়। উদ্ধারকৃত জাটকা ইলিশ ও আটক দুই জনকে মত্স্য বিভাগের নির্দেশে বরিশাল সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে। জেলা মত্স্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, জাটকাগুলো ভোলার চরফ্যাশন উপজেলার ব্যবসায়ী শাহাবুদ্দিন যশোরে পাচার করছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।