একই স্থানে দুই পক্ষের সভা

বড়াইগ্রামে ১৪৪ ধারা জারি

নাটোরের বড়াইগ্রামে একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষ পালটাপালটি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ৯টার পর থেকে রাত ১২টা পর্যন্ত জোনাইল ইউনিয়ন এলাকায় সকল প্রকার সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন ইউএনও আনোয়ার পারভেজ।

জানা যায়, বৃহস্পতিবার সকালে জোনাইল বাজারে উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী সমর্থিত পক্ষ জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্যোগে নেয়। অপরদিকে, একই স্থানে একই সময়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি সমর্থিত ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আলোচনা সভার ডাক দেয়। উভয়পক্ষ একই জায়গায় পালটাপালটি সভা আহ্বান করায় এলাকায় উত্তেজনা দেখা দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ বলেন, একই স্থানে দুই পক্ষ সভা ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় রাত ১২টা পর্যন্ত সকল সভা-সমাবেশ বন্ধ করা হয়েছে।