পাখির আবাসস্থল ও খালবিল রক্ষার দাবি
শেরপুর প্রতিনিধি বিলুপ্ত প্রায় পাখির আবাস বনভূমি ও খালবিল রক্ষার দাবিতে বৃহস্পতিবার শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। সোসাইটির পক্ষ থেকে সভাপতি সুজয় মালাকার ছয় দফা দাবি সংবলিত ঐ স্মারকলিপি দেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান, লিটন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
উপনির্বাচনে শাহিনুর মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত
সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা সারিয়াকান্দি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুর বেগম নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন শিউলী বেগম। উল্লেখ্য, মহিলা ভাইস চেয়ারম্যান পিলু মমতাজ মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়। ঐ পদে বুধবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
জনঅবহিতকরণ সভা ও প্রশিক্ষণ কর্মসূচি
নকলা (শেরপুর) সংবাদদাতা নকলায় বৃহস্পতিবার উপজেলা পর্যায়ে আরটিআই অনলাইন ট্রাকিং সিস্টেম এবং তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
তথ্য কমিশনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ জনঅবহিতকরণ সভা ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহানউদ্দিন।
জাল নোট প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা গাংনীতে বৃহস্পতিবার জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ ব্যাংক, খুলনার আয়োজনে এবং সোনালী ব্যাংক লি. গাংনী শাখার সহযোগিতায় এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমানের সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান ফারহানা ইয়াছমিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনার উপমহাব্যবস্থাপক আলাউদ্দীন হোসেন, সোনালী ব্যাংক লি. চুয়াডাঙ্গা প্রিন্সিপাল অফিসের অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার (এ জি এম) আব্দুল মজিদ প্রমুখ।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হুইলচেয়ার বিতরণ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে হুইলচেয়ার (অ্যাসিসটিভ ডিভাইস) বিতরণ করা হয় বৃহস্পতিবার। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে অডিটরিয়াম হলরুমে হুইলচেয়ার বিতরণের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোলেমান আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
তালায় শিশু হেল্পলাইন বিষয়ক কর্মশালা
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালায় শিশু অধিকার ও শিশুর সুরক্ষায় চাইল্ড হেল্পলাইন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চাইল্ড সেনসেটিভ ও সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পের ফেইজ-২ সহায়তায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন তালা উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ আব্দুল আওয়াল।
ভোলা সরকারি কলেজে নবীনবরণ
ভোলা (উত্তর) প্রতিনিধি ভোলা সরকারি কলেজে বৃহস্পতিবার একাদশ ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ভোলা কলেজে ছায়াবীথি প্রাঙ্গণে প্রথমেই কলেজের পক্ষ থেকে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. গোলাম জাকারিয়ার সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও কলেজের সাবেক ভিপি আব্দুল মমিন টুলু। এ সময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ উল্লাহ, সহকারী অধ্যাপক মাহাবুব আলম, সহযোগী অধ্যাপক মো. আব্দুল গফুর প্রমুখ।
নবীনগরে মলয়া গানের প্রতিযোগিতা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়ার) সংবাদদাতা নবীনগরের সর্ব্বধর্ম সমন্বয় সাধক কবি মহর্ষি মনোমোহন দত্তের মলয়া সংগীতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে। উপজেলা পরিষদ মিলনায়তনে পাঁচটি বিভাগে পাঁচ জন সেরাকণ্ঠ বাছাই এবং অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৯ জনকে মলয়া গানের অ্যালবাম তৈরির জন্য বাছাই করা হয়। মলয়া গানের এ প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শিল্পাঙ্গন’। সংঠনের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনির। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম।
উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা কামারখন্দে বৃহস্পতিবার উপজেলা পর্যায়ে গান, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এনডিপি) সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আয়োজনে এবং পিকেএসএফ ও এনডিপির অর্থায়নে উপজেলার আব্দুল জলিল স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, এনডিপির প্রোগ্রাম অফিসার ফজল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
কমলগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নে শহীদ নগর আদর্শ বিদ্যানিকেতনে পিইসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় সংলগ্ন মাঠে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্যদের অন্যতম সদস্য মো. সিকান্দর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সাংবাদিক আব্দুল হান্নান চিনু, প্রভাষক আব্দুল আহাদ, অধ্যক্ষ নেছার আলী প্রমুখ।
মহেশপুরে নারীর দক্ষতা বৃদ্ধিতে উঠান বৈঠক
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মহেশপুরে উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে নারীর দক্ষতা বৃদ্ধিতে বৃহস্পতিবার এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সামনে উপজেলা মহিলা বিষয়ক অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১ নম্বর মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিদুল ইসলাম।
আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা মাগুরার শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ইউনিয়ন পর্যায়ের আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের আওতাধীন ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বছিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মসিয়ার রহমান।
শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসা জাতীয়করণের ঘোষণায় আনন্দ শোভাযাত্রা
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা করায় আনন্দ শোভাযাত্রা করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। বৃহস্পতিবার মাদ্রাসা থেকে শোভাযাত্রাটি বের হয়ে কালিরহাট বাজার প্রদক্ষিণ করে দীপক সেন গুপ্ত মোড়ে আলোচনা সভা হয়। এখানে বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপার শাহ্ নুর আলম, সহসুপার হাফিজুর রহমান প্রমুখ।