সংকট নিরসনে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে বৈঠকের পর প্রথমবারের মতো রাজপরিবারের দায়িত্বে দেখা গেল প্রিন্স হ্যারিকে। গতকাল বৃহস্পতিবার ডিউক অব সাসেক্স- প্রিন্স হ্যারি বাকিংহ্যাম প্রাসাদে ২০২১ সালে অনুষ্ঠেয় রাগবি লিগ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের আয়োজন করেন। এর আগে তিনি বাকিংহ্যাম প্রাসাদ প্রাঙ্গণে শিশু রাগবি খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাত্ করেন। এ সময় তিনি শিশুদের সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে করমর্দন করেন। শিশুদের সঙ্গে ছবি তোলেন। শিশুদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি বিশ্বকাপে অংশগ্রহণকারী ২১টি দেশের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাত্ করেন প্রিন্স হ্যারি। খবর :বিবিসি ও সিএনএনের।
গত ৮ জানুয়ারি প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান রাজপরিবার ছাড়ার ঘোষণা দেন। তারা রাজপরিবারের আনুষ্ঠানিক দায়িত্ব পালনের জন্য সরকারের বরাদ্দকৃত অর্থ গ্রহণ না করে আর্থিকভাবে স্বনির্ভর জীবনযাপন করতে চান বলে জানান। প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের সিদ্ধান্তে মর্মাহত রাজপরিবার সংকটে পড়েছে। এই সংকট উত্তরণে গত সোমবার প্রিন্স হ্যারির সঙ্গে আলোচনায় বসেন রানি দ্বিতীয় এলিজাবেথ। বৈঠকে রানি এলিজাবেথ প্রিন্স হ্যারি ও তার স্ত্রীর নতুন সিদ্ধান্তের ব্যাপারে তার ‘পূর্ণ সমর্থন’ জানান। রানি জানান, তিনি চাইছেন হ্যারি-মেগান রাজপরিবারের সদস্য হিসেবেই পুরো সময় দায়িত্ব পালন করুন। কয়েক দিনের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে তিনি প্রত্যাশা করেন। মেগান মার্কেল বর্তমানে কানাডায় ছেলে আর্চির সঙ্গে আছেন। আগামী সপ্তাহে আলোচনার জন্য ব্রিটেনেই অবস্থান করছেন প্রিন্স হ্যারি।
বিবিসির খবরে বলা হয়েছে, পুরুষ, নারী ও হুইলচেয়ার রাগবি বিশ্বকাপ ড্রর অনুষ্ঠানের আয়োজক হলেন প্রিন্স হ্যারি। এটি রাগবি ফুটবল লিগে তার পৃষ্ঠপোষকতার অংশ। ২০২১ সালের ২৩ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ইংল্যান্ডের ১৭টি শহরে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ইউকে স্পোর্ট এর প্রধান ডেম ক্যাথেরিন গ্রেইনার এবং সাবেক ব্রিটিশ রাগবি খেলোয়াড় জ্যাসন রবিনসন উপস্থিত ছিলেন।
পিএ নিউ এজেন্সি জানিয়েছে, প্রিন্স হ্যারি শিশুদের সঙ্গে কৌতুক করেন। ড্রর আগে তিনি বলেন, খেলার প্রভাব শিশুদের ওপর অতুলনীয়। খেলাধুলা শুধু মানুষের জীবনকে বদলে দিচ্ছে না বরং জীবন রক্ষা করছে। অনুষ্ঠানের আগে এক বিবৃতি বাকিংহ্যাম প্রাসাদ জানায়, প্রিন্স হ্যারি বিশ্বাস করেন যে, খেলা বিভিন্ন সম্প্রদায়কে একত্রিত করে এবং মানুষের জীবন বদলে দেয়।