বিএনপি প্রার্থীদের নানা ভাবে হয়রানি করছে সরকার :ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনকে আমরা আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি। নির্বাচনকে ঘিরে দলীয় প্রার্থীদের বিভিন্নভাবে হয়রানি করছে সরকার। তারপরেও গণজোয়ার সৃষ্টি হয়েছে বিএনপি প্রার্থীদের পক্ষে। জনগণের ভোটাধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

গতকাল বৃহস্পতিবার নীলফামারী জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফখরুল আরো বলেন, বর্তমান সরকার দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। নির্বাচন কমিশন বিচার বিভাগ কেউ আজ স্বাধীন নয়। তিনি বলেন, শুধু বিএনপি নয়, গোটা দেশ আজ কঠিন সময় পার করছে। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের কথা বললেও মুক্তিযুদ্ধের সব চেতনাকে ধ্বংস করেছে, ধ্বংস করেছে দেশের গণতন্ত্রকে। মুক্তিযোদ্ধার স্ত্রী হয়েও বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। সরকার সংবিধান সংশোধন ও তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেই ক্ষান্ত হয়নি, নতুন আঙ্গিকে ছদ্মবেশী বাকশাল প্রতিষ্ঠা করে একতরফা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় টিকে আছে।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর সরকারের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু প্রমুখ। সম্মেলনে সাবেক যুবদল নেতা আলমগীর সরকার ও সাবেক ছাত্রদল নেতা জহরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।