শ্যামলীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, দীর্ঘ যানজট

বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর শ্যামলী এলাকায় গতকাল বৃহস্পতিবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। সকাল ১০টার দিকে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু করলে রাস্তার দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে যানবাহন ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। আলোচনার মাধ্যমে এক ঘণ্টা পর শ্রমিকরা উঠে যান।  পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, সকালে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয় ডায়নামিক গ্রুপের ক্রিয়েটিভ ফ্যাশনের শ্রমিকেরা। এ সময় তারা দাবি আদায়ে বিভিন্ন স্লোগানও দেন। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত ২/৩ মাস ধরে মালিকপক্ষ তাদের ঠিকমতো বেতন ও অন্যান্য ভাতা দিচ্ছে না। এ কারণে বিক্ষোভ করছেন তারা। এদিকে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় শ্যামলীর ঐ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঐ সড়ক দিয়ে চলাচলকারীরা। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে শ্রমিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে পুলিশ। কিন্তু শ্রমিকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক থেকে উঠে যেতে অস্বীকৃতি জানায়।

ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিলে এক ঘণ্টা পর তারা রাস্তা ছেড়ে চলে যান।