মিরসরাইয়ে বাসচাপায় এক কলেজছাত্র নিহত হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
মিরসরাই (চট্টগ্রাম) : মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাসচাপায় মো. সাঈদ (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অনাবির হায়দার তমাল চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর সদরের এ দুর্ঘটনা ঘটে। সাঈদ উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামের মো. হানিফের পুত্র ও বারইয়ারহাট কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
এদিকে, সাঈদের মৃত্যুর খবরে তার সহপাঠী ও ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে বারইয়ারহাট পৌর সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়েছে। বিক্ষুব্ধ ছাত্ররা ঘাতক বাসচালককে অবিলম্বে গ্রেফতার করে তাকে শাস্তির দাবি জানান। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
শ্যামনগর (সাতক্ষীরা) : শ্যামনগরে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে মুন্সীগঞ্জ যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সোনিয়া আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার শ্যামনগর-মুন্সীগঞ্জ সড়কে মুনছুর সরদার গ্যারেজসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি কলারোয়া উপজেলার ধানদিয়া গ্রামে আলমগীর গাজীর স্ত্রী।
নেত্রকোনা : নেত্রকোনার কেন্দুয়া সড়কে গতকাল মোটরসাইকেল ও লরির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম ফকির (৫০) নিহত এবং তার স্ত্রী ফরিদা আহত হয়েছেন। রফিকুল ইসলাম ফকির মদনপুর গ্রামের।
লালপুর (নাটোর) : বনপাড়া-পাবনা সড়কের লালপুর উপজেলার গোদড়া এলাকায় গতকাল ট্রাকচাপায় সাহাদুল ইসলাম (৩২) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। সাহাদুল বড়াইগ্রাম উপজেলার বাহিমালী এলাকার হালিম মোল্লার ছেলে।
শেরপুর (বগুড়া) : শেরপুরে ধনকুন্ডি এলাকায় মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় সাইদার (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুন্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বড়াইগ্রাম (নাটোর) : নাটোর-পাবনা মহাসড়কের গোধড়া এলাকায় ট্রাকচাপায় সাহাজুল ইসলাম (৩৩) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। গতকাল উপজেলার গোধড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাহাজুল বড়াইগ্রাম উপজেলার বাহিমালি গ্রামের বাসিন্দা।