মৌলভীবাজারে কলেজছাত্রী দুই বান্ধবীকে ধর্ষণের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট। ঐ ঘটনায় ভুক্তভোগী এক ছাত্রীর মামলায় আগের দিন অভিযুক্ত তিন তরুণকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে আদালত। ঘটনায় জড়িত আরো দুই জনকে খুঁজছে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের দুই ছাত্রী কলেজ থেকে বাড়ি ফেরার জন্য একটি সিএনজি অটোরিকশায় উঠলে কিছুক্ষণ পর চার তরুণ ঐ গাড়িতে ওঠে। পরে অটোরিকশার পর্দা টেনে দুই বান্ধবীর হাত বেঁধে ফেলে স্থানীয় শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামের পাশে নির্জন জঙ্গলে নিয়ে তাদের ধর্ষণ করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে।
এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানা পুলিশ তিন জনকে আটক করেছে। এরা হলো মৌলভীবাজার সদর উপজেলার উত্তর জগন্নাথপুর এলাকার ইসলাম মিয়ার ছেলে মুন্না মিয়া (২৫), আদরিছ মিয়ার ছেলে আকাশ মিয়া (২৫) ও ছুরুক মিয়ার ছেলে হুমায়ুন মিয়া (২৩)। জড়িত দুই আসামি এখনো পলাতক রয়েছে। তারা হলো উত্তর জগন্নাথপুর এলাকার আব্দুল মুকিত (২২) ও ছুরুক মিয়ার ছেলে হাসান মিয়া (১৯)।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেছে, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় এক ভিকটিম বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে এই ধর্ষণের প্রতিবাদে গতকাল দুপুরে শহরের চৌমুহনা এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট।