যশোরে মারপিটে অসুস্থ বৃদ্ধের মৃত্যু

যশোর সদরের ভাতুড়িয়ার দায়পাড়ায় মারপিটের শিকার হয়ে হাশেম আলী (৬৬) নামে এক বৃদ্ধ মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবারের অভিযোগ, একই এলাকার মান্নান, মিন্টু ও তাদের লোকজন তাকে দুই দফা মারপিট করলে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে আনার সময় পথিমধ্যে মারা যান তিনি। তিনি হৃদরোগসহ বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন।

মৃতের ছেলে আছর আলী জানান, গত বুধবার গাছ থেকে রস পেড়ে খাওয়ার মিথ্যা অজুহাত তুলে তাকেসহ তার কয়েক বন্ধুকে মারপিট করেন মান্নান ও মিন্টু। এরপর রাতের দিকে ওই দুজন ফের তাদের বসতবাড়িতে ঢুকে তার বাবাকে চড়থাপ্পড় ও কিলঘুষি মারেন। এমনকি পরদিন বৃহস্পতিবার সকালে আরও লোকজন নিয়ে তাদের বাড়িতে ভাঙচুর চালায় ও তার বাবাকে আবারও মারধর করে। 

এমনিতেই তার বাবা দীর্ঘদিন হার্টের রোগের ভুগছিলেন। তারপর এভাবে দফায় দফায় মার খেয়ে আরও অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

আরও পড়ুন: মতলবে প্রাইভেটকারের চাপায় শিশু নিহত

যশোর কোতোয়ালি থানার এসআই আফম মনিরুজ্জামান জানান, পরিবারের লোকজন দাবি করছে তাকে মারপিট করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু