সমস্যা সমাধানে হেল্পলাইন চালু করবেন তাপস

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে নৌকার দুই মেয়র প্রার্থী বিজয়ী হলে ঢাকাবাসীর সেবক হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। নগরবাসীর জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করে সমস্যার তাত্ক্ষণিক সমাধান দেওয়ার প্রতিশ্রুতি দেন দক্ষিণের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। অন্যদিকে রাজধানীর জলাবদ্ধতা সমস্যা নিরসনের ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। সরস্বতী পূজার জন্য সম্ভব হলে আসন্ন ঢাকার সিটি নির্বাচন পেছাতে নির্বাচন কমিশনের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন ।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর বিজিবির ৩ নম্বর গেট এলাকায় পথসভা ও গণসংযোগ করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। পরে লালবাগের বিভিন্ন ওয়ার্ডে নৌকা মার্কার প্রচারণা এবং ভোট চান তিনি। এ সময় ব্যারিস্টার তাপস সাংবাদিকদের বলেন, ‘নির্বাচিত হলে আমি মেয়র হিসেবে নয়, ঢাকাবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই। আমরা সিটি করপোরেশনের হেল্পলাইন নম্বর চালু করব। হেল্পলাইনের মাধ্যমে ঢাকাবাসী যে কোনো সমস্যা এবং অভিযোগ জানাতে পারবেন। হেল্পলাইনের মাধ্যমে তাদের সমস্যার সমাধান না হলে, সরাসরি মেয়রের সঙ্গে যোগাযোগ করতে পারবেন নগরবাসী। আর মেয়র তাত্ক্ষণিক ওই সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’ তাপস বলেন, আমাদের প্রথম পরিকল্পনা ঐতিহ্যবাহী পুরাতন ঢাকাকে নিয়ে। এখানে জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাটের উন্নয়ন করে আমাদের ঐতিহ্যবাহী ঢাকাকে সচল করে তুলব। নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় কমিটির কার্যনিবাহী সংসদের সদস্য ও বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গতকাল ঢাকা-১৬ আসনের অন্তর্ভুক্ত উত্তর সিটি করপোরেশনের ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের আলুব্দি ঈদগাহ মাঠ থেকে শুরু করে মিরপুর-১২, সেকশন ১১, পলাশনগর, সেকশন ১০, পল্লবী, মিল্ক ভিটা, রূপনগর এলাকায় সপ্তম দিনের মতো নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা চালান ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। আতিকুল ইসলাম বলেন, ‘নির্বাচিত হলে গত ৯ মাসে যে কাজ করেছি, তার চেয়ে বেশি কাজ করে আপনাদের সচল, সবুজায়ন, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ঢাকা উপহার দেব।’ বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, আপনারা মিথ্যা অভিযোগ করবেন না। আমাদের কোনো নেতাকর্মী, সমর্থক আপনাদের পোস্টার ছিঁড়ে নাই, ছিঁড়বে না। প্রয়োজন হলে আপনার পোস্টার দেন, আমি তা লাগিয়ে দেব। এসব মিথ্যা অভিযোগ না করে শেষ পর্যন্ত মাঠে থাকুন। আতিকুল বলেন, ঢাকা সিটি থেকে প্রথমত জলাবদ্ধতা সমস্যার নিরসন করতে হবে। গত নয় মাসে আমরা তা চিহ্নিত করেছি।

সরস্বতী পূজার জন্য সম্ভব হলে সিটি নির্বাচন পেছাতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। আমি চাই না, সরস্বতী পূজার দিন নির্বাচন হোক। পূজার কথা স্মরণ রেখে নির্বাচন পেছানো হোক—এই দাবি করছি। আমাদের খেয়াল রাখতে হবে, ধর্ম পালনে কারো যেন কোনো বিঘ্ন না হয়।’ গণসংযোগ ও প্রচারণাকালে অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহর ভাই এখলাস উদ্দিন মোল্লা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।