নৌকার পক্ষে ১৪ দলের নির্বাচনী প্রচারণা অব্যাহত রয়েছে। দক্ষিণে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে গতকাল বিকালে পুরানা পল্টন কালভার্ট রোডে কেন্দ্রীয় ১৪ দলের নির্বাচনী প্রচারণা চালানো হয়। এতে নেতৃত্ব দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও জাতীয় পার্টি জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন :শেখ শহীদ
জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে ১৪ দলের নেতারা গতকাল মোহাম্মদপুরের তাজমহল রোড, ইকবাল রোড, আসাদগেট, টাউন হলসহ আশপাশের এলাকায় নির্বাচনী প্রচারপত্র বিতরণ করেন এবং নৌকার মেয়র প্রার্থী আতিকুল ইসলামকে জয়যুক্ত করার আহ্বান জানান। পরে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের এক প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে শেখ শহীদুল ইসলাম সিটি নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নয়নের ধারাকে বেগবান এবং গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। এবারের সিটি করপোরেশন নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে জেপির সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই নির্বাচনে নৌকা মার্কার জয় হলে উন্নয়ন প্রচেষ্টাকে আরো শক্তিশালী করবে এবং এর মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের পথ আরো সহজতর হবে। সুন্দর একটি মহানগরী উপহার দেওয়ার জন্য ১৪ দলের পক্ষ থেকে নৌকা মার্কার প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি তাদের পরাজয় আঁচ করতে পেরে এরই মধ্যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য তাদের উসকানি সত্ত্বেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখছি।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আওলাদ জান চৌধুরী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিনিধিদলটি ফাউন্ডেশনের পক্ষ হতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আতিকুল ইসলামকে সমর্থন প্রদান করেন এবং তার বিজয়ের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশানাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বীরেন সাহা প্রমুখ।