বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন করবে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিরা। আগামী ৩ থেকে ৫ জুলাই লাস ভেগাসে ৪০তম বঙ্গ সম্মেলনে এ আয়োজন করছে বঙ্গ সংস্কৃতি সংঘ। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার লেকশোর হোটেলে বঙ্গ সম্মেলনের সহযোগী সংগঠন যুক্তরাষ্ট্রের বায়স্কোপ ফিল্মস ‘ঢাকা কিক-অফ’ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সংগঠনের প্রতিনিধিরা ছাড়াও দেশের কবি, সাহিত্যিক, সংগীতশিল্পী, চলচ্চিত্রকার, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এ বছর যুক্তরাষ্ট্রের বঙ্গ সংস্কৃতি সংঘের ৫০তম ও বঙ্গ সম্মেলনের ৪০তম বার্ষিকী। এ বছরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পাশাপাশি পণ্ডিত রবি শংকর, সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মশতবর্ষও উদ্যাপন করা হবে এ মঞ্চ থেকে। এ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বঙ্গ সম্মেলনের বিশাল মঞ্চে তাদের স্মরণে পৃথক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ঢাকা কিক-অফ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গ সম্মেলনের আহ্বায়ক মিলন আওন, প্রবীর রায় ও বায়স্কোপ ফিল্মসের অন্যতম কর্ণধার নওশাবা রুবনা রশীদ।
২৫ জানুয়ারি বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনা শাখার আলোচনা সভা
মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতি গ্রহণ এবং জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন এবং মহান বিজয় দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনা শাখা, অস্ট্রিয়া ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষ্যে ২৫ জানুয়ারি স্থানীয় সময় বিকালে ৪টায় ১৪ নম্বর ভিয়েনার ভিএইচএস ফ্লোরিডসডরফ এঞ্জারের স্ট্রেসেস (ফ্লোরিডসডরফ মেকডোনাল্ড এর পেছনে) আলোচনা সভা আয়োজন করেছে। এতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর প্রধান অতিথি থাকবেন। বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনা শাখার সভাপতি রবিন মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক বিকাশ ঘোষ এবং সাংস্কৃতিক সম্পাদক নুসরাত সুলতানা প্রবাসীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।