গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে দুদকের জিজ্ঞাসাবাদ

ক্ষমতার অপব্যবহার করে আলোচিত ঠিকাদার জি কে শামীমকে বিভিন্ন প্রকল্প পাইয়ে দেওয়ার বিনিময়ে কমিশন নেওয়াসহ বিভিন্ন পন্থায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেউদ্দিসহ তিন জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পরিচালক সৈয়দ ইকমাল হোসেনের নেতৃত্বাধীন টিম গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ করে। টিমের অন্য দুজন হলেন এম জামাল অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী মো. জামাল উদ্দিন ও ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্সের (এনডিই) ব্যবস্থাপনা পরিচালক রেজাউন মোস্তাফিজ।

দুদক সূত্র জানায়, গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেউদ্দিন, ড. মঈনুল ইসলামসহ কয়েক জন একচেটিয়াভাবে গণপূর্তের কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন। টেন্ডারবাজ হিসেবে খ্যাত জি কে বিল্ডার্সের মালিক গোলাম কিবরিয়া ওরফে জি কে শামীম ছিলেন গণপূর্তের টেন্ডার নিয়ন্ত্রক। গণপূর্তে যখনই কোনো কাজ বা প্রকল্পের টেন্ডার হতো, সেখানে দলবল নিয়ে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে টেন্ডার জমা দিতে যেতেন জি কে শামীম। তাকে সার্বিকভাবে সহযোগিতা করতেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেউদ্দিন ও ড. মইনুল ইসলাম। বেশ কিছু প্রকল্প অনৈতিকভাবে জি কে শামীমকে পাইয়ে দিয়েছেন মোসলেউদ্দিন ও  ড. মইনুল ইসলাম। জি কে শামীমকে কমিশনে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে সরকারের যেমন ক্ষতি করেছেন, তেমনি নিজেরাও অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। এছাড়া জি কে শামীমের সঙ্গে তারা  কোনো কোনো প্রকল্পে ব্যাবসায়িক অংশীদারও ছিলেন বলে অভিযোগ রয়েছে।