ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পেছানো নিয়ে রিট খারিজের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করা হয়েছে। এতে ৩০ জানুয়ারির ভোট গ্রহণের ওপর স্থগিতাদেশের পাশাপাশি নতুন তারিখ ধার্যের জন্য আবেদন জানানো হয়। রবিবার আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদনটি উত্থাপন করা হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী অশোক কুমার ঘোষ।
গত ১৪ জানুয়ারি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিটি ভোটের তারিখ পেছানো নিয়ে করা রিট খারিজ করে দেয়। আদালত বলেন, সরস্বতী পূজার জন্য ২৯ জানুয়ারি ছুটি ঘোষণা করে ২ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ সময়ের মধ্যে রিটকারী বা বিভিন্ন সংগঠন এ নিয়ে কোনো আপত্তি জানায়নি। এরই মধ্যে ইসি নির্বাচন তপশিল ঘোষণা করেছে। প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে প্রার্থীদের। চলছে নির্বাচনী প্রচারণা। এছাড়া ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ প্রেক্ষাপটে ভোট গ্রহণের দিন পেছানোর কোনো সুযোগ নাই। তাই সার্বিক বিষয়াদি বিবেচনায় নিয়ে রিট আবেদনটি সরাসরি খারিজ করা হলো। এই খারিজ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় গতকাল বৃহস্পতিবার এ আবেদন করেন রিটকারী আইনজীবী।
আবেদনে আরো বলা হয়, সিটি করপোরেশনের ভোটের দিন সরস্বতী পূজা পড়েছে। এ দিন ভোট গ্রহণ করা হলে ধর্মীয় সংখ্যালঘুরা ক্ষতিগ্রস্ত হবে। প্রসঙ্গত, এরই মধ্যে ভোট পেছানোর জন্য সিটি করপোরেশনের মেয়রপ্রার্থীদের কেউ কেউ অনুরোধ জানিয়েছেন।