প্রধানমন্ত্রী পদে পুতিনের পছন্দের প্রার্থীকে সমর্থন দিল তার দল

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পছন্দের প্রার্থী রাশিয়ার নতুন প্রধানমন্ত্রী হতে যাওয়া মিখাইল মিসুসতিনের প্রতি সমর্থন জানিয়েছে তার দল। সাবেক কর কর্মকর্তা মিসুসতিন দেশটির রাজনীতিতে খুবই স্বল্প পরিচিত একজন মুখ। তাকে পুতিন নিজেই পছন্দ করেছেন বলে জানা গেছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণ করা পর্যন্ত মেদভেদেভ দায়িত্ব পালন করে যাবেন। এটা পরিস্কার নয় যে প্রেসিডেন্ট পদে পুতিনের মেয়াদ শেষ হলে মিসুসতিন দায়িত্ব চালিয়ে যাবেন নাকি পদত্যাগ করে পুতিনকে নতুন প্রধানমন্ত্রী হবার সুযোগ করে দেবেন।

এর একদিন আগে প্রেসিডেন্ট পুতিন ছাড়া রাশিয়ার পুরো সরকার পদত্যাগ করে। দেশটির সংবিধান পরিবর্তনের বিষয়ে পার্লামেন্টে দেওয়া পুতিনের ঘোষণার কয়েক ঘণ্টা পরই এ সিদ্ধান্ত জানায় রাশিয়ার সরকার। সংবিধান পরিবর্তনের ব্যাপারে রাশিয়াজুড়ে গণভোট আয়োজনের প্রস্তাব করেছেন পুতিন। নতুন সংবিধানে প্রেসিডেন্টের বদলে পার্লামেন্ট সর্বময় ক্ষমতার অধিকারী হবে। বুধবার বৈঠক করে প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভকে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সহকারী প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন পুতিন।

মেদভেদেভ বলছেন, প্রেসিডেন্ট পুতিনের এ প্রস্তাবে রাশিয়ার ক্ষমতাকাঠামোতে ব্যাপক পরিবর্তন আসবে। তিনি বলেছেন, ‘প্রেসিডেন্টের এ প্রস্তাব শুধু সংবিধান নয়, বরং দেশের পুরো ক্ষমতাকাঠামো, পার্লামেন্ট ও বিচার বিভাগের ক্ষমতাকাঠামোও বদলে দেবে। এমন পরিস্থিতিতে পুরো সরকার পদত্যাগের ঘোষণা দিচ্ছে।’ তবে হুট করে পুতিনের এমন সিদ্ধান্তে বেশ বিস্ময়ের জন্ম দিয়েছে রাশিয়ায়।

ধারণা করা হচ্ছে, নিজের ক্ষমতায় থাকার মেয়াদ বাড়াতেই সংবিধান পরিবর্তন করার উদ্যোগ নিয়েছেন পুতিন। ২০২৪ সালে পুতিনের ক্ষমতায় থাকার চতুর্থ মেয়াদ শেষ হবে। বর্তমান সংবিধান অনুযায়ী এরপর আর প্রেসিডেন্ট পদে থাকার সুযোগ নেই পুতিনের।